হাজীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভা
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১৯:৫৪ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

‘সুস্বাস্থ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতকরণই আমাদের অঙ্গীকার’—এ আদর্শিক স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য বিভাগ আয়োজিত উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকালে অত্র হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ২৬৪, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক এমপি।
এ সময় তিনি দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমাদের সরকার নিরলসভাবে কাজ করছেন। সম্মিলিত প্রচেষ্টায় সেই লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’
এদিন সকালে তিনি প্রথমে হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন ও কুশল বিনিময় করেন।
সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। সভা পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুল মান্নান, হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও সদস্য সচিব এম. এ. রহিম পাটোয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমসহ হাসপাতালের কর্তব্যরত বিভিন্ন বিভাগের চিকিৎসক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।
