সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক-হেলপার নিহত, আহত ১০
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ২০:২০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকার মোড়ে বাস ও ট্রাকের সংঘর্ষে বাসচালক ও হেলপার নিহত হয়েছেন। তারা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার তিলজ গ্রামের মোজাহার মন্ডলের ছেলে হেলপার মুনসুর আলী (২৬) ও বাসচালক। তবে বাসচালকের পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস শনিবার ভোররাতে নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক ওভারপাসে ওঠার সময় যাত্রীবাহী বাসটিতে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই বাসচালক ও হেলপার নিহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়।
বিকেলে হেলপার মুনসুর আলীর পরিচয় পাওয়া যায়। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
