চলনবিলের পর্যটন আধুনিকায়নের উদ্যোগ নিচ্ছে সরকার: পর্যটনমন্ত্রী

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ২১:৪৯ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমান সরকার সারাদেশের পর্যটন খাতসহ চলনবিলের পর্যটনকে আধুনিক ও সময়োপযোগী করতে উদ্যোগ নিচ্ছে। এজন্য ঐতিহাসিক চলনবিলের পর্যটন খাতকে নতুন রূপে সাজাতে প্রধানমন্ত্রীর নির্দেশে পরিদর্শনে এসেছি।

শনিবার সকালে চলনবিল এলাকায় ইকো ট্যুরিজম সমন্বিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিলের মান্নান নগর এলাকা পরিদর্শন করা হয়েছে।

পরিদর্শন শেষে দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজ হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের বৃহত্তম বিল হচ্ছে ঐতিহাসিক চলনবিল। এ বিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে। সেইসঙ্গে চলনবিল অধ্যুষিত নাটোর, সিরাজগঞ্জ, পাবনার নানা স্থান ও এলাকা পুরাকীর্তিতে ভরপুর।

এ বিলের দৃশ্য দেখার জন্য প্রতিদিন প্রকৃতিপ্রেমীদের ভিড় জমে ওঠে। এছাড়া বিলের জীববৈচিত্র্য দেখা ও জানার অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। চলনবিলে সমন্বিত ইকো ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম শুরু করা হবে।

তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম. আফছার আলীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি ভিপি আয়নুল হক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান শামীমুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, বিএনপি নেতা আমিনুর রহমান টুটুল প্রমুখ।

এ সভায় বিএনপি দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।