রংপুরে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ২১:৫৬ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

পার্বতীপুর থেকে লালমনিরহাট জেলার বুড়িমারীগামী লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে রংপুরের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল পৌনে ১০টায় রংপুর রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেল স্টেশনের সুপার আব্দুল্লা আল মামুন। দুর্ঘটনার দুই ঘণ্টা পর দুপুর ১২টার দিকে বিকল্প উপায়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও রেল স্টেশন সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে লালমনিরহাটের বুড়িমারীগামী লোকাল ট্রেনটি রংপুর রেল স্টেশনে আসে সকাল ৯টা ৩৫ মিনিটে। ১০ মিনিট অবস্থান করার পর সকাল পৌনে ১০টার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় বাবুপাড়া রেলগেটের অদূরে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আতঙ্কে ট্রেনের যাত্রীরা লাফ দিতে গিয়ে কমপক্ষে ১৫ জন আহত হন।

এ বিষয়ে রেল বিভাগের এক কর্মকর্তা আফজাল হোসেন জানান, ট্রেনটি ২ নম্বর লাইনে লাইনচ্যুত হয়। ফলে ১ নম্বর লাইনে সমস্যা না থাকলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত লালমনিরহাট ও পার্বতীপুর থেকে আসা দুটি ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে লাইনচ্যুত ইঞ্জিনটি সরিয়ে ৩ নম্বর লাইনে নেওয়া হয়। দুপুর ১২টায় বিকল্প উপায়ে ১ ও ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করা হয়।

এ বিষয়ে রংপুর রেল স্টেশনের সুপার আব্দুল্লা আল মামুন জানান, বিকল্প উপায়ে ট্রেন চলাচল দুই ঘণ্টা পর শুরু করা হয়। লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধারের জন্য লালমনিরহাট বিভাগীয় কার্যালয় থেকে রিলিফ ট্রেন আসছে।

লালমনিরহাট অঞ্চলের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) ধীমান ভৌমিক জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ফারুকুল ইসলাম মানিককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।