কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা, অপরাধীদের সামাজিক বয়কটের আহ্বান
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ২১:৫৪ | অনলাইন সংস্করণ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকাল ১১টায় কাউখালী থানার আয়োজনে থানার অস্থায়ী সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান।
এ সময় কাউখালী থানার এসআই মো. মাসুদ আল মামুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির এবং সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যাপক হুমায়ুন কবির, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. আলী হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাফিউল আজম দুলাল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, কাউখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক শেখ রিয়াজ আহমেদ নাহিদ, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুল আলম মিল্টন, আমরাজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শ্যামলী রানী, ইউপি সদস্য কাজী সালাউদ্দিন, মেহেদী হাসান রুবেল ও মো. শাহিন, উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, ইউনিয়ন বিএনপি নেতা মনিরুজ্জামান মিন্টু, ইকবাল হোসেন, শহিদুল আলম বাদল এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিকীসহ আরও অনেকে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, অপরাধীদের কোনো দল নেই। যে-ই অপরাধ করবে, তার পরিচয় শুধু অপরাধী হিসেবে চিহ্নিত করা হবে। অপরাধীদের সামাজিকভাবে বয়কটের ডাক দিয়েছেন বক্তারা।
তারা বলেন, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। অপরাধীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার পাশাপাশি পরিবার, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান বলেন, শুধু পুলিশের পক্ষে মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোথাও মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, ইভটিজিং বা কিশোর গ্যাংয়ের তৎপরতা দেখা গেলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। নির্ভয়ে পুলিশকে সহযোগিতা করুন।
ওসি মো. আনোয়ার হোসেন বলেন, কাউখালীকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
সভায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
