নোয়াখালীতে তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা-২০২৬ উদ্বোধন
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৭:৪০ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা-২০২৬ শুরু হয়েছে। মেলা ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ সফিকুল ইসলাম।
সোমবার সকালে জেলা প্রশাসক হলরুমে জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক আশীষ কুমার করের সভাপতিত্বে এবং সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাশরেফুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে আঞ্চলিক, জেলা ও উপজেলা কৃষি বিজ্ঞানী এবং খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী, সাংবাদিক সমিতির মহাসচিব মনিরুজ্জামান, জেলা কৃষকদলের আহ্বায়ক ফজলে এলাহী পলাশ (ভিপি), সদস্য সচিব হারুনুর রশিদ (জিএস হারুন), সাংবাদিক শাহাদাত বাবুসহ অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মেলা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজন করার অনুরোধ করেন। খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক, শ্রমিক ও কৃষকদের সম্পৃক্ততা বাড়াতে উদ্যোগ গ্রহণেরও দাবি জানান তারা।
মেলায় কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীরা অংশগ্রহণ করছেন। কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা মেলার বিভিন্ন স্টলে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুফল, রোগবালাই দমন, মাটির স্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন।
আয়োজকরা জানান, কৃষিকে আরও আধুনিক, লাভজনক ও টেকসই করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। একই সঙ্গে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ কৃষি উৎপাদন এবং বৈচিত্র্যময় খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে।
