ফরিদপুরে অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই, ক্ষতি ৮০ লাখ টাকা

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৭:৪৬ | অনলাইন সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের কোতোয়ালি থানাধীন কানাইপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে গেছে। এতে দোকান দুটির বিপুল পরিমাণ মালামাল পুড়ে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে কানাইপুর হাইস্কুল সংলগ্ন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, প্রথমে কামরুল হাসানের লেপ-তোষকের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে পাশের লিটন দাসের ফসলি বীজ ও কীটনাশকের দোকানে ছড়িয়ে পড়ে। এতে দুটি দোকানের মালামাল আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

খবর পেয়ে কোতোয়ালি ফায়ার সার্ভিস ও মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পাশাপাশি কোতোয়ালি থানা পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেপ-তোষকের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডে দুটি দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে আনুমানিক ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।