দিনাজপুর বোর্ডে পাশের হার ৫৮.০৫ শতাংশ, এগিয়ে মেয়েরা
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২০:০৩ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। গত বছরের তুলনায় এবার পাশের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। পাশাপাশি পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।
এবার মেয়েদের পাশের হার ৬৩ দশমিক ০১ শতাংশ এবং ছেলেদের ৫৩ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১৫২ মেয়ে এবং ৫ হাজার ৪৮৭ ছেলে।
সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ৮৩ হাজার ৬৯৪ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ৪ হাজার ৯২৫ জন। পাশের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাশের হার ৭৩ দশমিক ২৯ শতাংশ, মানবিক বিভাগে ৩৮ দশমিক ৭৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাশের হার ৫৯ দশমিক ২২ শতাংশ।
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার গত বছরের তুলনায় পাশের হার কমেছে। গত বছর এ বোর্ডে পাশের হার ছিল ৬৭ দশমিক ০৩ শতাংশ। একইভাবে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ৬২ জন। এবার পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন।
পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। এবার মেয়েদের পাশের হার ৬৩ দশমিক ০১ শতাংশ এবং ছেলেদের ৫৩ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১৫২ মেয়ে এবং ৫ হাজার ৪৮৭ ছেলে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের দুই হাজার ৮১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাশ করতে পারেনি। অন্যদিকে শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের।
