আলমডাঙ্গায় ফার্ম থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ব্রয়লার খামারি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২০:১৬ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রাম থেকে রাজাবুল ইসলাম (৩৯) নামের এক ব্রয়লার মুরগির খামারি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) গভীর রাতে নিজ মুরগির ফার্মে অবস্থানকালে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
নিখোঁজ রাজাবুল ইসলাম ওসমানপুর গ্রামের আইনাল হকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে রাজাবুল নিজ বাড়ির পাশে অবস্থিত তার ব্রয়লার মুরগির ফার্মে পাহারা দেওয়ার জন্য অবস্থান করছিলেন। রাত আনুমানিক ২টা ৩৩ মিনিটে তিনি তার স্ত্রীর মেসেঞ্জারে একটি বার্তা পাঠান। মেসেজে স্ত্রীকে দ্রুত মেজো ভাইকে সঙ্গে নিয়ে মুরগির ফার্মের দিকে আসার আকুতি জানিয়ে লেখেন, আশপাশে কেউ আছে কি না তা দেখার জন্য।
বার্তায় তিনি উল্লেখ করেন, তার ভয় করছে এবং খামারের চারপাশে লোকজনের ফিসফিস আওয়াজ শোনা যাচ্ছে। তবে রাত গভীর হওয়ায় তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন এবং তখন মেসেজটি দেখতে পাননি।
সোমবার ভোরে ঘুম থেকে উঠে স্ত্রী মেসেজটি দেখতে পেয়ে দ্রুত ফার্মে যান। তবে সেখানে রাজাবুলকে না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। স্বজনরা ফার্মে গিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন ও পরিধেয় জামাকাপড় পড়ে থাকতে দেখলেও রাজাবুলের কোনো সন্ধান মেলেনি।
পরবর্তীতে আশপাশের বিভিন্ন স্থান ও সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজের পর ওসমানপুর পুলিশ ক্যাম্পে যোগাযোগ করে উপযুক্ত সাড়া না পেয়ে আলমডাঙ্গা থানার শরণাপন্ন হয়েছে ভুক্তভোগী পরিবার।
রহস্যজনক এই নিখোঁজের ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে গভীর আতঙ্ক তৈরি হয়েছে। দ্রুত নিখোঁজ রাজাবুলকে উদ্ধার ও ঘটনার রহস্য উন্মোচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্বজন ও এলাকাবাসী।
