চেকিংয়ে হামলা, জড়িতদের শাস্তির দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২০:৩৫ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণকারী সংঘবদ্ধ চক্রের হামলার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন করেছেন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের তিন ও চার নম্বর প্ল্যাটফর্মে এ কর্মসূচি পালিত হয়।
রেলের কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের রাজশাহী থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেন এবং বিভিন্ন রুট থেকে রাজশাহীতে আসা ট্রেনগুলোতে একটি সংঘবদ্ধ চক্র নিয়মিত বিনা টিকিটে ভ্রমণ করে।
তারা বিশেষ করে এসি কোচ ও করিডোরে অবস্থান নিয়ে বৈধ টিকিটধারী যাত্রীদের স্বাভাবিক যাত্রায় বিঘ্ন সৃষ্টি করে।
টিকিট চাইলে ৮ থেকে ১০ জন একসঙ্গে জড়ো হয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং টিকিট পরীক্ষকদের হুমকি-ধামকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।
পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের তথ্যমতে, গত ৪ জুলাই ৭৯২ নম্বর বনলতা এক্সপ্রেস এবং ২৫ জুলাই ৭২৬ নম্বর সুন্দরবন এক্সপ্রেসে টিকিট চেকিংকে কেন্দ্র করে রেল কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটে।
সর্বশেষ গত ৭ আগস্ট ৭৫৩ নম্বর সিল্কসিটি এক্সপ্রেস আব্দুলপুর স্টেশন ছেড়ে আসার পর ‘ও’ কোচে কয়েকজন বিনা টিকিটের যাত্রীকে শনাক্ত করা হয়। রেল কর্তৃপক্ষ জানায়, তাদের কাছ থেকে ন্যূনতম ভাড়া ও জরিমানা আদায় করে নন-এসি কোচে যাওয়ার অনুরোধ করা হলে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।
পরে ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছালে ওই সংঘবদ্ধ চক্র রেল কর্মকর্তা-কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন সুপারিনটেনডেন্ট (এসএস) মোঃ মনিরুজ্জামান, মোঃ জিয়াউদ্দিন (গার্ড-১), মোঃ জুলহাস উদ্দিন (গার্ড-২), মোঃ জাকারিয়া (গার্ড) ও মোঃ তাহের উদ্দিন (সিগন্যাল) প্রমুখ।
মানববন্ধনে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা বলেন, টিকিট চেকিং কার্যক্রম পরিচালনার সময় বারবার হামলা ও হুমকির ঘটনায় দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ছে। এতে অনেকের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং কর্মস্পৃহা কমে যাচ্ছে। একই সঙ্গে সরকারের রাজস্ব আদায়ও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
মানববন্ধনে বক্তারা সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলাকে ফৌজদারি অপরাধ উল্লেখ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পাশাপাশি ট্রেনে টিকিট চেকিং কার্যক্রম পরিচালনায় নিরাপত্তা জোরদারের আহ্বান জানান তারা।
