নবীগঞ্জে বাসচাপায় পিকআপের ৩ সবজি ব্যবসায়ী নিহত
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২০:৪৮ | অনলাইন সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি

প্রতিদিনের মতো ভোরে পাইকারি বাজার থেকে সবজি কিনে খুচরা বিক্রির উদ্দেশ্যে বের হয়েছিলেন কয়েকজন সবজি ব্যবসায়ী। কিন্তু বাজারে যাওয়ার পথেই বাসচাপায় প্রাণ হারিয়েছেন তাদের তিনজন। গুরুতর আহত হয়েছেন পিকআপচালকসহ আরও তিনজন।
সোমবার ভোরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়চর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নবীগঞ্জ উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে মাওলানা মশহুদ আহাম্মদ (৪০), ইনাতগঞ্জ বাজার এলাকার আব্দুল করিমের ছেলে ময়না মিয়া (৪২) এবং দক্ষিণ ইনাতগঞ্জ এলাকার ময়না মিয়ার ছেলে ময়না মিয়া (৫০)।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভোরে পাঁচজন সবজি ব্যবসায়ী একটি পিকআপ ভ্যানে করে হবিগঞ্জ জেলা সদরের চাষীবাজারে পাইকারি সবজি কিনতে যাচ্ছিলেন। পথে বড়চর এলাকায় বিপরীত দিক থেকে আসা লাকী পরিবহনের একটি বাস পিকআপটিকে চাপা দেয়। এতে পিকআপে থাকা একজন ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অন্য দুই সবজি ব্যবসায়ী ও পিকআপচালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর ব্যবস্থা করে।
এ ঘটনায় নিহতদের পরিবার ও স্থানীয় ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
