ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ১৭
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২০:৫৯ | অনলাইন সংস্করণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে শহিদুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত শহিদুল ওই এলাকার আব্দুল শেখের ছেলে।
সোমবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের রায়গঞ্জ ব্রিজ সংলগ্ন খামার আন্ধারীঝাড় কানিপাড়া এলাকায় জমি নিয়ে সংঘর্ষে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একই এলাকার আব্দুল শেখ ও শুক্কুর আলীর মধ্যে প্রায় ৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে এর আগে কয়েক দফা স্থানীয়ভাবে সালিশ এবং ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে শুনানির চেষ্টা হয়। তবে বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলমান ছিল।
নিহতের পরিবারের অভিযোগ, সোমবার দুপুর আড়াইটার দিকে শুক্কুর আলীসহ কয়েকজন ওই জমিতে হালচাষ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আব্দুল শেখের ছেলে শহিদুল ইসলাম ও তাঁর স্বজনেরা সেখানে গিয়ে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
একপর্যায়ে শহিদুল ইসলামকে মাছ ধরার সরঞ্জাম কোঁচ দিয়ে আঘাত করা হয়। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশের একটি দলসহ ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মারামারি ও হত্যাকাণ্ডে জড়িত ১৭ জনকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, বিবাদমান দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এই বিরোধ আজ মারাত্মক সংঘর্ষে রূপ নেয় এবং একজন ব্যক্তি নিহত হন। আমরা বিবাদমান এলাকার পরিস্থিতি পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছি। তাৎক্ষণিকভাবে মারামারি ও হত্যাকাণ্ডে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছি।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের কাছ থেকে এজাহার পাওয়া গেলে আসামির সঠিক সংখ্যা নির্ণয় করা সম্ভব হবে। স্থানীয় ব্যক্তিরা আমাদের জানিয়েছেন, আরও দুই-তিনজন ব্যক্তি পলাতক রয়েছেন। তাঁদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
