হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২১:৩১ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেলে নির্বাচনী তফসিল ঘোষণা করে বিস্তারিত তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. ইবনে আল জায়েদ হোসেন।
তফসিল অনুযায়ী আগামী ২৯ আগস্ট, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে মনোনয়নপত্র বিতরণ ১১-১৩ আগস্ট, দাখিল ১৬ আগস্ট, যাচাই-বাছাই ১৭ আগস্ট, প্রত্যাহার ১৮ আগস্ট, প্রার্থীদের খসড়া তালিকা ১৯ আগস্ট প্রকাশ এবং প্রতীক বরাদ্দ ২০ আগস্ট।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল, সদস্য সচিব উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলামুর রহমান ও সদস্য উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, প্রেসক্লাবসহ ব্যবসায়ী সমিতির সাবেক নেতৃবৃন্দ, সম্ভাব্য প্রার্থী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, হাজীগঞ্জ বাজারকে চাঁদপুরের রাজধানী বলা হয়। জেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র হিসেবে হাজীগঞ্জ বাজারের ঐতিহ্য রয়েছে।
