সিরাজগঞ্জে নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২১:৩৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদী থেকে নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধ আলমাস লালার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই উপজেলার রান্ধুনীবাড়ি গ্রামের মৃত বছের সরকারের ছেলে।

বেলকুচি থানার ওসি মোক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার সকালে গরু চরাতে যমুনা নদীর রান্ধুনীবাড়ি চরে যান আলমাস লালা (৭০)। ওইদিন বিকেলে তার সঙ্গে থাকা লোকজন চর থেকে বাড়ি ফিরে আসে।

তিনি পরে বাড়িতে ফিরে আসবেন—এ কথা বলে ওই চরের যমুনার ঘাটে গোসলে নামেন। গোসলে নামার পর তিনি ডুবে যান। স্থানীয় লোকজন বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

সোমবার সকালে ওই চরের ঘাট এলাকায় লালার ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

কোনো অভিযোগ না থাকায় বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।