পীরগঞ্জে ১০ মাদ্রাসা ও ২ বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী পাস করেনি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২১:৫৯ | অনলাইন সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০টি দাখিল মাদ্রাসা ও দুটি উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শূন্য শতাংশ।
জানা গেছে, সোমবার (১০ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ড ও দিনাজপুর শিক্ষা বোর্ডের দাখিল ও এসএসসির ফলাফলে পীরগঞ্জের ১০টি দাখিল মাদ্রাসা ও ২টি উচ্চ বিদ্যালয় থেকে কেউ পাস করেননি।
যেসব মাদ্রাসার পাসের হার শূন্য, সেগুলো হচ্ছে—ছাতুয়া দাখিল মাদ্রাসা, অনন্তরামপুর দাখিল মাদ্রাসা, কুমরসহি দাখিল মাদ্রাসা, পত্নীচড়া দাখিল মাদ্রাসা, মদনখালী দাখিল মাদ্রাসা, বড় আলমপুর আবুল হোসেন দাখিল মাদ্রাসা, ছোট উজিরপুর দাখিল মাদ্রাসা, গন্ধর্বপুর দাখিল মাদ্রাসা, খেদমতপুর বালিকা দাখিল মাদ্রাসা ও জুনিদপুর দাখিল মাদ্রাসা। এ ছাড়া শূন্য পাসের তালিকায় রয়েছে কুমারপুর উচ্চ বিদ্যালয় ও ঘাষিপুর উচ্চ বিদ্যালয়।
ফল প্রকাশের পর এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের সুষ্ঠু তদারকির অভাব ও প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে জবাবদিহিতার আওতামুক্ত ছিল। যে কারণে এ বিপর্যয়। শিক্ষার্থীদের ফলাফল পর্যালোচনা করে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি।
ঘাষিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, তার প্রতিষ্ঠান দুই বছর আগে পাঠদানের অনুমতি পেয়েছে। এ বছর ১৮ জন পরীক্ষার্থী থাকলেও পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৫ জন। এর মধ্যে একজনও কৃতকার্য হয়নি। এছাড়াও এই প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক মাত্র ৪ জন। এখনও বাকি শিক্ষকরা এমপিওভুক্ত হয়নি। আগামী দিনে ফলাফল ভালো করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান জানান, প্রতিষ্ঠান প্রধানদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয় হয়েছে, তাদের পড়াশোনার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
