মুন্সীগঞ্জে এইচপিভি টিকা কার্যক্রম সফল করতে এ্যাডভোকেসি সভা
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৫:৪৪ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলায় এইচপিভি (HPV) টিকার কার্যক্রম সফল করতে মুন্সীগঞ্জ সিভিল সার্জনের হলরুমে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় সভাটি অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. সাজেদা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
ইউনিসেফের অর্থায়নে আয়োজিত এ সভার মূল লক্ষ্য নিয়মিত টিকাদান কর্মসূচিতে এইচপিভি (HPV) টিকা একীভূতকরণের প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা।
সভায় জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশে ১০ বছর পরবর্তী বয়সী সকল কিশোরীকে নিয়মিত সেশনের মাধ্যমে এইচপিভি টিকা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মুন্সীগঞ্জ জেলায় গত ১ জুলাই হতে এখন পর্যন্ত ২ হাজার ৬৮৯ জন কিশোরীকে এইচপিভি টিকা প্রদান করা হয়েছে।
এছাড়া মুন্সীগঞ্জ জেলার সকল উপজেলা ও পৌরসভা পর্যায়ে টিকাদান কর্মীরা নিজ নিজ ওয়ার্ডে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের চিহ্নিত করে টিকাদান কেন্দ্রের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা কার্ড ডাউনলোড এবং স্মার্ট হেলথ বিডি, ই-ট্র্যাকার অ্যাপের মাধ্যমে তথ্য হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় অংশগ্রহণকারী স্টেকহোল্ডাররা নিজ নিজ অবস্থান থেকে এইচপিভি টিকাদান কর্মসূচি সফল করার নানা কৌশল উপস্থাপন করেন।
সভায় জরায়ুমুখ (সার্ভিকাল) ক্যান্সারের লক্ষণ, কারণ, বিস্তার, নিরাময়ের উপায় ও সরকারি বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত বিষয় উপস্থাপন করা হয়।
এ সময় জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, ইউনিসেফের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
