চুয়েটে পিএমই বিভাগের ২০ ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ২১:২৭ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেছেন, বাংলাদেশের জ্বালানি সেক্টরে দক্ষ লোকের অভাব রয়েছে। আমাদের জ্বালানি খাতে প্রয়োজনীয় দক্ষ মানুষ নেই। এই শূন্যতা পূরণের লক্ষ্যেই পিএমই বিভাগ খোলা হয়েছে।

দেশের জ্বালানি খাতের শূন্যতা মেধাবী শিক্ষার্থীরা পূরণ করতে পারে। দেশের এসব শূন্যতা শিক্ষার্থীদের মেধা, শ্রম ও দক্ষতা দিয়ে পূরণ করতে হবে।

জ্বালানি খাতের সংশ্লিষ্ট সকলকে পিএমই বিভাগের শিক্ষার্থীদের কাজে লাগানোর সুযোগ করতে হবে। তাদের দক্ষতা ও মেধাকে কাজে লাগানোর সুযোগ দিতে হবে, যাতে তারা দেশের জ্বালানি সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এখন তরুণ। তাদের ধৈর্য, পরিশ্রম ও সততার সঙ্গে এগিয়ে যেতে হবে। তাহলে প্রত্যেকে যার যার লক্ষ্য অর্জন করতে পারবে। নিজেদের সময়কে প্রোডাক্টিভভাবে ব্যবহার করতে হবে এবং সবসময় কাজকে ইতিবাচকভাবে নিতে হবে।

১১ আগস্ট (মঙ্গলবার) দুপুরে চুয়েটের পিএমই বিভাগের সেমিনার রুমে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ২০ ব্যাচের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, পদ্মা ওয়েল পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান, প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেডের হেড অব এইচএসই অ্যান্ড টেকনিক্যাল ইন্টিগ্রিটি প্রকৌশলী মীর জাহাঙ্গীর মো. সলিম, এমজেএল বাংলাদেশ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. শাহীন আলম এবং বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার প্রকৌশলী মো. জাকারিয়া জালাল।

অনুষ্ঠানে আহ্বায়ক ছিলেন পিএমই বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান। বিদায়ী ব্যাচের পক্ষ থেকে বক্তব্য রাখেন পিএমই ২০ ব্যাচের শিক্ষার্থী খাদিজা ইসলাম তামান্না এবং সাদিকুজ্জামান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পিএমই বিভাগের প্রভাষক মো. জাহিদুল ইসলাম।