মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের সংবাদ সম্মেলন

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১৬:৫৬ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরবাসীর ভোটাধিকার, মতামত, মর্যাদা ও উন্নয়ন নিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদে রংপুর অঞ্চলের জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, রংপুর জেলা আমীর ও রংপুর-৫ মিঠাপুকুর আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর-১ গঙ্গাচড়া আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা রায়হান সিরাজী, রংপুর-৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা মুহাম্মদ নুরুল আমীনসহ রংপুর, গাইবান্ধা, নীলফামারী ও কুড়িগ্রামের জামায়াতের সংসদ সদস্যরা।

লিখিত বক্তব্যে মাহবুবুর রহমান বেলাল বলেন, গত ৯ আগস্ট রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুরের মানুষের রাজনৈতিক সিদ্ধান্ত ও ভোটাধিকার প্রয়োগ নিয়ে যে মন্তব্য করেছেন, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়া জনগণের গণতান্ত্রিক অধিকার। জনগণের ভোট কোনো সরকারের প্রতি আনুগত্য প্রকাশের শর্ত হতে পারে না। কোনো অঞ্চলের মানুষ ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করলে সে কারণে তাদের উন্নয়ন ব্যাহত হবে—এমন ধারণা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, রংপুরের মানুষের প্রধান দাবি বৈষম্যের অবসান, কর্মসংস্থান, শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। এসব দাবি পূরণ করা সরকারের দায়িত্ব।

মির্জা ফখরুলের বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, রংপুরের উন্নয়ন কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্যের পুরস্কার নয়। দলমত নির্বিশেষে রংপুরবাসীর নাগরিক অধিকার ও ন্যায্য উন্নয়ন নিশ্চিত করতে হবে।