মুন্সীগঞ্জে বিদ্যুতের দাবিতে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২০:০৭ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের বিভিন্ন বিপণিবিতানে মাত্রাতিরিক্ত ও অসহনীয় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে শহরের দোকান মালিক, ব্যবসায়ী, কর্মচারী ও ভুক্তভোগী সাধারণ মানুষ বিদ্যুতের দাবিতে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেন।
বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বাসস্ট্যান্ডে অবস্থিত কয়েক শত ব্যবসায়ী ও সাধারণ মানুষ পল্লী বিদ্যুতের মুন্সীগঞ্জ অফিস ঘেরাও করেন।
পল্লীবিদ্যুৎ অফিসে ঢোকার পথে প্রধান গেটে পুলিশ এসে ব্যবসায়ী ও জনতাকে আটকে দিয়ে শান্ত করে। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষ পল্লী বিদ্যুৎ গেটে অবস্থান নেন।
পরবর্তীতে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির প্রশাসনিক কর্মকর্তা মিলন বিশ্বাস মুন্সীগঞ্জ শহর ব্যবসায়ী কমিটির সভাপতি মোহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, শহর মসজিদ মার্কেটের কমিটির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ ও নিশাত ক্লথ স্টোরের মালিক মো. খোকনের সঙ্গে লোডশেডিংয়ের কারণ নিয়ে আলোচনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আলইনসাফ স্টোরের আব্দুর রোফ, ধানসিঁড়ির আশরাফ হোসেন মিন্টু, আল মক্কা ক্লথ স্টোরের মো. আবুল বাসার, অয়ন ফ্যাশনের মো. রমজান খান, তামিমা ফ্যাশনের রমজান মিয়া, আব্দুল্লাহ ক্লথ স্টোরের দ্বীন ইসলাম, ওয়ান্স মোর কালেকশনের আলমগীর হোসেন, কে এম ফ্যাশন জোনের গোলাম আশরাফ খান উজ্জ্বল, শুভ্র ফ্যাশনের রেদওয়ান, শাকিল ফ্যাশনের মো. হাসান, নাফিন স্টোরের আতিক, বিগবাজারের রুহুল আমিন, ভাই ভাই ফ্যাশনের মুন্না, ইজি ফ্যাশনের হৃদয়সহ কয়েক শত জনতা।
এদিকে পল্লী বিদ্যুৎ সমিতির মাঠপাড়া অফিসের প্রকৌশলী মো. জুয়েল সিকদার জানান, বুধবার (১২ আগস্ট) বেলা ১১টা ১০ মিনিটে মুন্সীগঞ্জে বিদ্যুতের চাহিদা ছিল ১২৫ মেগাওয়াট। সেখানে সরবরাহ করা হয়েছে মাত্র ৬০ মেগাওয়াট।
