পীরগঞ্জে দোকানের তালা ভেঙে ৫ লাখ টাকার মালামাল চুরি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৫:৪৮ | অনলাইন সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরে চুরির ঘটনায় এখনো মামলা কিংবা কেউ গ্রেফতার হয়নি। ফলে ব্যবসায়ীরা অনেকটাই উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
অভিযোগে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা সদরের মাহমুদ হাসান খান পলিনের মালিকানাধীন মেসার্স ফরহাদ অটো পার্টস কর্নারে চুরির ঘটনা ঘটে।
সিসিটিভির ফুটেজ অনুযায়ী, ওই রাত ৩টায় চোরের দল একটি পিকআপ ভ্যান নিয়ে এসে দোকানের তালা ভেঙে দোকানের অভ্যন্তরে প্রবেশ করে। পরে তারা ওই দোকানঘর থেকে ব্যাটারিচালিত অটোবাইকের মালামাল ও নগদ অর্থসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
পীরগঞ্জ থানা পুলিশ বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে। অথচ বৃহস্পতিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ চুরির ঘটনায় জড়িত কেউ গ্রেফতার কিংবা মালামাল উদ্ধার হয়নি। এদিকে চুরির ঘটনাটি উপজেলা সদরের ব্যবসায়ীদের অনেকটাই ভাবিয়ে তুলেছে।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বৃহস্পতিবার বিকেল ৩টায় গণমাধ্যমকে বলেন, এ ব্যাপারে এখনও মামলা হয়নি। তবে পুলিশ অপরাধী শনাক্ত ও মালামাল উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।
