ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে দিনাজপুরে সচেতনতামূলক র্যালি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৭:০৯ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের যৌথ আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালির উদ্বোধন করেন এবং সভাপতির বক্তব্য রাখেন দিনাজপুর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. গোলাম রসুল রাখি।
র্যালিটি দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর মহাস্থান রেজিমেন্টের ৩৪ বিএনসিসি ব্যাটালিয়নের দিনাজপুর জেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৪৫ জন বিএনসিসি ক্যাডেট, ৩ জন সামরিক প্রশিক্ষক, ৪ জন পিইউও, সরকারি কলেজের প্রতিনিধিগণ এবং দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা।
র্যালি শেষে সভাপতি দিনাজপুর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. গোলাম রসুল রাখি বলেন, এ র্যালির মূল উদ্দেশ্য হলো জনগণকে ডেঙ্গু বিষয়ে সচেতন করা এবং তারা যেন ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমরা যদি চারদিকের জায়গাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, যেখানে ডেঙ্গু মশা জন্মাতে না পারে, তাহলে অনেকটা ডেঙ্গু প্রতিরোধ করতে পারি।
তিনি বলেন, অনেক প্রাণ অকালে ঝরে যায়, আমরা যদি সঠিক চিকিৎসা করতে না পারি। আমরা আসলে চিকিৎসার দিকে যেতে চাই না, আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে চাই। ডেঙ্গু প্রতিরোধ করাই আমাদের প্রধান লক্ষ্য।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক শেখ হাফিজুর রহমান এবং দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড এস্টেট) সুমন রঞ্জন সরকার, দিনাজপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. কামরুল হাসান, পিইউও বিএনসিসি মো. হামিদুর রহমান সোহেল, দিনাজপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল্লাহ আল ফুয়াদ, দিনাজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোছা. সাদরাতুন মুমতাহিনা, দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. হোসেন মো. নাহিদ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নূর আলম, বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার শিশির রোজারিও, পার্বতীপুর ল্যাম্প হাসপাতালের লিয়াঁজো ম্যানেজার মাহাতাব লিটন, অ্যাপোসের সেন্টার ম্যানেজার মো. মোজাম্মেল হকসহ অন্যান্য সংস্থার কর্মকর্তারা।
