ভূরুঙ্গামারীতে শিক্ষার্থী ঝরে পড়া হ্রাসে অভিভাবক সমাবেশ
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৮:২৫ | অনলাইন সংস্করণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ভূরুঙ্গামারীতে ধামেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের ঝরে পড়া হ্রাসকরণে অভিভাবক, শিক্ষক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আখতার হোসেন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, প্রধান শিক্ষক এসএম সারোয়ার মীর্জা শাহীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক ও অভিভাবকবৃন্দ।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কুড়িগ্রাম জেলার চরাঞ্চলের শিশুদের ঝরে পড়া রোধ করা এখন কুড়িগ্রামের জন্য বড় চ্যালেঞ্জ। শিক্ষার্থী ঝরে পড়া রোধে তিনি অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা আশা করেন।
তিনি বলেন, সব শিশু ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে না। তবে শিশুরা যাতে পরিবার এবং সমাজের বোঝা না হয়, এজন্য অভিভাবকদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। এজন্য তিনি কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, অর্থ, বিত্ত, বৈভব শিক্ষার জন্য যেন কোনো অন্তরায় না হয়। তিনি পাঠশালা ও পণ্ডিত মশাইয়ের শিক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, ওই সময়ে মানুষ মাটিতে বসে কলাপাতায় লিখে শিক্ষা গ্রহণ করেছে। এখন বিল্ডিং, উচ্চশিক্ষিত মাস্টার দিয়েও কেন কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাচ্ছে না?
তিনি বলেন, ‘এটা নাই, ওটা নাই’—এ কথা বলে দায়িত্ব এড়ানোর চেষ্টা না করে যা আছে, তাই দিয়ে শ্রদ্ধার সঙ্গে দায়িত্বসহকারে সবাইকে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি পিছিয়ে পড়া কুড়িগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি জানান, মাদক ও বাল্যবিয়ের সঙ্গে সম্পৃক্ত পরিবারকে কোনো প্রকার সরকারি সেবা প্রদান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরপর তিনি তিলাই ইউনিয়ন পরিষদ আয়োজিত বাল্যবিবাহ, মাদক ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা করেন। পরে স্কুল প্রাঙ্গণে বৃক্ষের চারা রোপণ করেন এবং বিকেলে ভূরুঙ্গামারী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সঙ্গে মতবিনিময় করেন।
