শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুয়েটে মানববন্ধন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৯:৩৭ | অনলাইন সংস্করণ

  খুলনা ব্যুরো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুহা. রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন এবং শিক্ষকের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

মানববন্ধনটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিএসই বিভাগের সিনিয়র প্রফেসর ড. এম. এম. এ. হাসেম, মানবিক বিভাগের অধ্যাপক প্রফেসর ড. রাজিয়া খাতুন এবং শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. ফারুক হোসেন।

বক্তারা বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এ সময় কুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।