এসএসসিতে ভালো ফলাফল, মুন্সীগঞ্জে প্রতিষ্ঠান প্রধানদের সংবর্ধনা

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ২১:২৪ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মুন্সীগঞ্জ জেলায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং এসএসসি ২০২৬ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ভালো ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানগুলোর সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

পাশাপাশি তুলনামূলকভাবে পিছিয়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানোন্নয়নে ভালো ফলাফলকারী ও অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জেলা প্রশাসক আরও বলেন, একটি জেলার শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের জন্য শুধু কয়েকটি প্রতিষ্ঠানের ভালো ফলাফল যথেষ্ট নয়; প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভা শেষে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে তাদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য অভিনন্দন জানানো হয়।

এ সময় শিক্ষার্থীদের সাফল্যের পেছনে প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করা হয়।