দেবহাটায় ইয়াবাসহ ২ আসামি আটক, মামলা দায়ের

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৫:২০ | অনলাইন সংস্করণ

  দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই আসামিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে।

পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে এসআই সাহিদুল ইসলাম, পিএসআই বিপ্লব মালাকারসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স দেবহাটা থানা এলাকায় পৃথক পৃথক মাদক উদ্ধারের চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

ইং-১৩/০৮/২০২৬ তারিখ সন্ধ্যার পর দেবহাটা থানার কুলিয়া ইউনিয়নের আশু মার্কেটের পশ্চিম পাশে জনৈক রাসেলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৩ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মোস্তফা কামাল (৪৫) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়।

তিনি আব্দুল হামিদের ছেলে এবং দেবহাটা থানার খাসখামার গ্রামের বাসিন্দা।

একই দিন রাত ৯টার দিকে পারুলিয়া ইউনিয়নের কোমরপুর গ্রামস্থ স্টিল ব্রিজের দক্ষিণ পাশে জোড়া বটগাছের সামনে পাকা রাস্তার ওপর থেকে ১৫ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজুল ইসলাম (৪৮) নামে অপর এক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি ফজর আলীর ছেলে এবং সাতক্ষীরা সদর থানার পদ্মশাখরা গ্রামের বাসিন্দা।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, দেশব্যাপী মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে আটক আসামিদের মাদকসহ গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক ইং-১৪/০৮/২০২৬ তারিখ সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।