প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা রাসেল

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৫:২৮ | অনলাইন সংস্করণ

  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন পাবনা-৩ আসনের সাবেক এমপির ছেলে, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মেয়র আলহাজ্ব গোলাম হাসনাইন রাসেল।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে তিনি কারাগার থেকে প্যারোলে মুক্তি পান। পরে জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

গোলাম হাসনাইন রাসেল ভাঙ্গুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া গ্রামের পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ নেতা গোলাম হাসনাইন রাসেলের মা নুরজাহান রেখা কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় দেড় মাস আগে তাকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকাল ১০টায় লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন।

শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে তার মামাতো ভাই রকিবুল ইসলাম প্যারোলে মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেন।

প্যারোলে মুক্তি পেয়ে রাসেল পুলিশি প্রহরায় নিজের বাড়িতে যান। বাড়িতে প্রবেশের পর কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে সকাল ১০টায় সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে মায়ের জানাজায় অংশ নেন। পরে পার-ভাঙ্গুড়া কবরস্থানে দাফন শেষে তাকে পুলিশি প্রহরায় কারাগারে পাঠানো হয়।

গত সোমবার (২০ জুলাই) ঢাকার মিরপুর এলাকা থেকে পাবনা ডিবি পুলিশ আলহাজ্ব গোলাম হাসনাইন রাসেলকে গ্রেপ্তার করে। তিনি ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বোমা হামলার ঘটনার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়।

আলহাজ্ব গোলাম হাসনাইন রাসেল বলেন, “আপনারা আমার মায়ের জানাজায় এসেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন এবং আমাদের পরিবারের সকল ভুলত্রুটি ক্ষমা করার অনুরোধ জানাই।”

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আজম বলেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল মায়ের জানাজায় অংশ নিতে আদালতের নির্দেশে চার ঘণ্টার প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে পুলিশি প্রহরায় তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।