যমুনায় বেপরোয়া চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৯:১৬ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে বেপরোয়া চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছে তিন উপজেলার ২৭ গ্রামের মানুষ।

শুক্রবার সকালে নৌযান মালিক-কর্মচারীসহ সহস্রাধিক নারী-পুরুষ উপজেলার চরাঞ্চলের ক্ষিদ্রচাঁপিয়া এলাকায় এ মানববন্ধন করেন।

মানববন্ধনে শ্রমিক নেতা আবু সাঈদের সভাপতিত্বে নৌযান মালিক-কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন ইউসুফ মোল্লা, কছির উদ্দিন, সুমন, বক্কার মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, যমুনা নদী এলাকার ত্রাসখ্যাত সন্ত্রাসী জনৈক সালাম ও তার সহযোগী রুবেল, কাওছার আলম, মাসুদ ও হাবিব গং সন্ধ্যার পর যমুনা নদীর বিভিন্ন স্থানে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে দীর্ঘদিন ধরে সশস্ত্র মহড়া দেয়।

বিশেষ করে সিরাজগঞ্জ-ঢাকা নৌরুটে তারা সব ধরনের বাল্কহেড, ছোট-বড় নৌকাসহ বিভিন্ন নৌযান থেকে বেপরোয়া চাঁদাবাজি করে আসছে। তাদের দাবিকৃত চাঁদা না দিলে নৌযান শ্রমিক-কর্মচারীদের বেদম মারধর করা হয় বলেও অভিযোগ করেন বক্তারা।

এ সন্ত্রাসী বাহিনীর অত্যাচার থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছেন নৌযান মালিক ও কর্মচারীরা। যমুনা নদীর বিভিন্ন রুটে নৌপথ নিরাপদ করতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে বেশ কিছু দাবিও উত্থাপন করা হয়েছে।

মানববন্ধনে সিরাজগঞ্জের বেলকুচি, চৌহালী ও টাঙ্গাইল সদর উপজেলার ২৭ গ্রামের মালিক, শ্রমিক ও কর্মচারীসহ বহু নারী-পুরুষ অংশগ্রহণ করেন।