বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যাপক মজিবর রহমান আর নেই
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১৬:৪৩ | অনলাইন সংস্করণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বীর মুক্তিযোদ্ধা ও ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মজিবর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ১৯৪৪ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ভারতের ঝাউকুঠি যুব শিবিরের শিবির ইনচার্জের দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৭২ সালে ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজে অধ্যাপনা শুরু করেন এবং সহকারী অধ্যাপক হিসেবে ২০০৪ সালে অবসর গ্রহণ করেন।
শনিবার বাদ জোহর ভূরুঙ্গামারী সরকারি কলেজ মাঠে রাষ্ট্রীয় সম্মান ও জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
