শেরপুর সীমান্তে পরিত্যক্ত ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১৭:৪৪ | অনলাইন সংস্করণ

  ঝিনাইগাতী প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সীমান্ত এলাকায় ৬০০ বোতল আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়।

তবে মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৭৬ হাজার টাকা।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ জানান, এ ঘটনায় মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।