পীরগঞ্জে অগ্নিকাণ্ডে দেড় লাখ টাকার মালামাল ভস্মীভূত

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ২১:০৩ | অনলাইন সংস্করণ

  পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে এক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দেড় লাখ টাকার মালামাল আগুনে ভস্মীভূত হয়েছে। এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মতিয়ার রহমানের বাড়িতে।

এলাকাবাসীর প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ওই রাতে মতিয়ার রহমানের গোয়ালঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হলে আগুনের লেলিহান শিখায় গোয়ালঘরের গরুর চিৎকারে বাড়ির লোকজন দ্রুত ঘরের বাইরে বেরিয়ে আসেন। প্রতিবেশীদের সহযোগিতায় তারা আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন।

একপর্যায়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোয়ালঘরসহ আরেকটি ঘর ও ঘরের আসবাবপত্রসহ দেড় লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়। অগ্নিদগ্ধ হয় দুটি গরুও।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, প্রতিহিংসাবশত কেউ বাড়িতে অগ্নিসংযোগ করতে পারে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়েরি করা হয়েছে।

ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খাইরুল ইসলাম সাধারণ ডায়েরি হওয়ার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে বলেন, ‘আমরা এটা নিয়ে কাজ করছি। অপরাধীদের ট্রেস পেলেই আমরা আইনি পদক্ষেপ নেব।’