রূপসায় ইটভাটায় ফখরুল হত্যা: প্রধান অভিযুক্ত ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৭:০৬ | অনলাইন সংস্করণ

  খুলনা ব্যুরো

খুলনার রূপসায় ইটভাটার অফিসে ফখরুল ইসলাম (৩২) হত্যা মামলার প্রধান অভিযুক্ত ও শুটার ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে (৩৪) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। রোববার (১৬ আগস্ট) রাত ৩টার দিকে যশোর সদর থানার সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬ জানায়, স্পেশাল কোম্পানি ও সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল সীতারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে গ্রেপ্তার করে। তিনি রূপসা থানায় দায়ের করা চাঞ্চল্যকর ফখরুল ইসলাম হত্যা মামলার প্রধান অভিযুক্ত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট রাতে রূপসা থানাধীন মেসার্স রূপসা ব্রিকসের অফিসে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সেখানে গিয়ে তাকে এলোপাতাড়ি গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ওরফে কাটাপ্পা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ঘটনার রাতে তিনি পিস্তল দিয়ে ফখরুল ইসলামকে গুলি করার বিষয়েও স্বীকারোক্তি দিয়েছেন বলে দাবি করেছে র‍্যাব। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত অন্যদের নামও পাওয়া গেছে।

গ্রেপ্তার ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।