সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২৩:০৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শরাপপুর গ্রামে অভিযান চালিয়ে সংঘবদ্ধ দেশি অনলাইন জুয়া চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। তারা হলো, ওই উপজেলার ভাদাশ গ্রামের নুরুল ইসলামের ছেলে কাওছার হাবীব (২৫) ও সাজ্জাদ আলীর ছেলে শরিফুল ইসলাম (৩০)।

র‌্যাব-১২’র সহকারী পরিচালক অপস্ অফিসার মো. ফাহাদুজ্জামান আকন্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়ার সাইটে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তারা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে একাধিক এমএফএস অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইনে বেটিং/জুয়ার সাইটে ডিজিটাল অর্থ লেনদেন করে আসছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।