ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও পোনা অবমুক্ত

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২৩:১৫ | অনলাইন সংস্করণ

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রোববার সকালে মৎস্য পক্ষ উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম-১ আসনের এমপি মো. আনোয়ারুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন উপস্থিত ছিলেন।

সফল মৎস্য চাষি আবুল কালাম আজাদ বলেন, চাকরির পেছনে ঘুরে লক্ষ লক্ষ টাকা খরচ না করে সামান্য পুঁজি দিয়ে মাছ চাষ করলে খুব সহজেই বেকারত্ব দূর করা যায়।

কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল ইসলাম বলেন, মাছ চাষ বৃদ্ধি করা গেলে একদিকে আমিষের চাহিদা পূরণ হবে। অপরদিকে বেকারত্ব দূর হবে এবং আয় বৃদ্ধি পাবে। আমিষের ঘাটতি মেটাতে বাড়ির আশপাশের ডোবা ও পুকুরে মাছ চাষ বাড়াতে হবে।

এ সময় মাছ চাষে সাফল্য অর্জন করা মৎস্য চাষিদের পুরস্কার প্রদান করা হয়।