রংপুরে বাংলাদেশে শিল্প জরিপ বিষয়ক বিভাগীয় কর্মশালা
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২৩:২৫ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরে ‘Survey of Industries in Bangladesh’ শীর্ষক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও SANEM-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় রংপুর বিভাগের শিল্পখাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা, সমস্যা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার জন্য শিল্প-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরা হয়।
রোববার দুপুরে রংপুরে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী সদস্য মো. হুমায়ুন কবির। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, এনডিসি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ। কর্মশালায় রংপুর চেম্বারের সম্মানিত ডাইরেক্টর পার্থ বোস, কামাল হোসেন, খেমচাদ সোমানী রবি সহ চেম্বারের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় শিল্পখাতের সঠিক ও হালনাগাদ তথ্যভিত্তিক ডাটাবেজ প্রণয়ন, বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব অবস্থা নিরূপণ, নতুন বিনিয়োগের সম্ভাবনা চিহ্নিতকরণ এবং শিল্পায়নের প্রতিবন্ধকতা দূরীকরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মনে করে, রংপুর বিভাগের শিল্পখাতের সঠিক চিত্র ও সম্ভাবনা তুলে ধরতে এ ধরনের শিল্প জরিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জরিপের মাধ্যমে অঞ্চলভিত্তিক শিল্প সম্ভাবনা চিহ্নিত হওয়ার পাশাপাশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই শিল্পায়নের জন্য কার্যকর নীতি ও পরিকল্পনা প্রণয়নে সহায়ক ভূমিকা রাখবে।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি শিল্পায়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগকে স্বাগত জানায় এবং রংপুর বিভাগের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে ভবিষ্যতেও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।
