কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে সার বিক্রি করলে ব্যবস্থা: কৃষি সচিব

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২৩:৩৭ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

কৃষি সচিব মো. সেলিম খান বলেছেন, দেশে পর্যাপ্ত সার মজুত ও বরাদ্দ থাকা সত্ত্বেও কেউ কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে সার বিক্রি, পাচার বা অবৈধ মজুতে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সারের দাম বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি।

রোববার (১৬ আগস্ট) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে কৃষকদের সারপ্রাপ্তির সমস্যা চিহ্নিতকরণ ও দ্রুত সমাধানের লক্ষ্যে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষি সচিব বলেন, দেশে বর্তমানে ইউরিয়া ও নন-ইউরিয়া সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকদের যৌক্তিক চাহিদার ভিত্তিতে অতিরিক্ত সার সরবরাহ করা হবে। সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় পাচাররোধ এবং লাইসেন্সবিহীন সারের ব্যবসা বন্ধে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করতে হবে। কোনো কৃষি কর্মকর্তা বা কর্মচারী অনিয়ম-দুর্নীতিতে জড়িত হলে তাঁর বিরুদ্ধেও বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি ডিলারদের উদ্দেশে বলেন, কেজিপ্রতি কমিশন বৃদ্ধির বিষয়টি মন্ত্রণালয় বিবেচনা করছে। সৎ ডিলারদের ভয়ের কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, অসাধু ডিলার ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মোবাইল কোর্টসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কৃষির আধুনিকীকরণ, বাণিজ্যিকীকরণ, কৃষি উদ্যোক্তা তৈরি এবং ফুড প্রসেসিং জোন প্রতিষ্ঠার মাধ্যমে কৃষির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার কাজ করছে। একই সঙ্গে মাটির স্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সুষম সার ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম সার বিতরণ ও বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি বিজ্ঞানী ও কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তাদের মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে আরও কার্যকরভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ, ডিলার পর্যায়ে মজুত ও বিতরণ ব্যবস্থা পর্যবেক্ষণ এবং বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধে করণীয় নিয়ে আলোচনা হয়।

রংপুর বিভাগীয় প্রশাসন আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম। এ ছাড়া সভায় রংপুর রেঞ্জের ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, র‌্যাব-১৩-এর অধিনায়ক, বিজিবির সেক্টর কমান্ডার, বিভাগের পুলিশ সুপার, আট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, কৃষি বিভাগের কর্মকর্তারা এবং বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।