মাদকবিরোধী বার্তায় দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ, ফল ১-১
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২৩:৪২ | অনলাইন সংস্করণ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল—চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের এই আহ্বানকে সামনে রেখে তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ।
দুর্গাপুর একাদশ বনাম কলমাকান্দা একাদশের মধ্যকার এ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। খেলা দেখতে মাঠে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
ম্যাচটির অন্যতম আকর্ষণ ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ। তিনি দুর্গাপুর একাদশের হয়ে মাঠে নেমে চমৎকার ফুটবল নৈপুণ্য প্রদর্শন করেন। তাঁর খেলায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পুরো ম্যাচজুড়ে তাঁর পারফরম্যান্স উপভোগ করেন মাঠে উপস্থিত দর্শক ও অতিথিরা।
দুই দলই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলায় ম্যাচটি হয়ে ওঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। উভয় দল একটি করে গোল করায় শেষ পর্যন্ত ১-১ সমতায় ম্যাচের সমাপ্তি ঘটে।
ম্যাচে প্রাণবন্ত ধারাভাষ্য প্রদান করেন দুর্গাপুর উপজেলার সিনিয়র ধারাভাষ্যকার এম. এ. নজরুল। তাঁর সাবলীল ও প্রাণবন্ত ধারাভাষ্যে মাঠের উত্তেজনা আরও বাড়ে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান ফরিদ, সভাপতি, দুর্গাপুর পৌর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারেছ গণি, সাধারণ সম্পাদক, দুর্গাপুর পৌর বিএনপি।
এ ছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক নুরুজ্জামান রিপন, প্রচার সম্পাদক রিয়াজুর করিম, দুর্গাপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, দুর্গাপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুল ইসলাম উজ্জ্বল, দুর্গাপুর উপজেলা যুবদলের অন্যতম নেতা কামরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সাহস, নেত্রকোনা জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাহমুদ হাসান, অধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখার প্রচার সম্পাদক ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য মো. কামাল হোসেন এবং দুর্গাপুর পৌরসভা যুবদলের সদস্যসচিব আল ইমরান (সম্রাট) গণি সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিরা।
আয়োজক ও উপস্থিত অতিথিরা বলেন, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করে। তাই মাদকবিরোধী সচেতনতা তৈরিতে এমন আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।
তাঁরা বলেন, মাঠে তরুণদের উপস্থিতি ও খেলাধুলার প্রতি আগ্রহই প্রমাণ করে—সঠিক পরিবেশ ও সুযোগ পেলে তরুণ প্রজন্ম মাদক নয়, খেলাধুলাকেই বেছে নিতে পারে।
মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা, দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই এবং হাজারো দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রীতি ফুটবল ম্যাচটি পরিণত হয় প্রাণবন্ত এক ক্রীড়া আয়োজনে।
