ভাঙ্গুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক কারাগারে

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৪:২১ | অনলাইন সংস্করণ

  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত রিন্টু (১৯) পৌরশহরের ভদ্রপাড়া রেললাইনপাড়ার এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রোববার বিকেলে স্থানীয় ক্ষুব্ধ জনতা তাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করে। সে ওই এলাকার রব্বান আলীর ছেলে। এ ঘটনায় থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে ভুক্তভোগী শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলছিল।

এ সময় প্রতিবেশী রিন্টু শিশুটিকে তার বাড়িতে ডেকে নিয়ে ঘরের মধ্যে পরনের হাফপ্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা চালায়। এমন সময় শিশুটির মা মেয়েকে খুঁজতে সেখানে গেলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়।

পরে বিকেল ৪টার দিকে তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করলে স্থানীয়দের কাছে ধর্ষণচেষ্টার কথা সে স্বীকার করে। এ সময় স্থানীয় ক্ষুব্ধ জনতা তাকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করে ওসি মো. শাফিউল আযম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রিন্টু ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেছেন। সোমবার তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।