ঢাকা সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি, ২ লাখ টাকা জরিমানা

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি, ২ লাখ টাকা জরিমানা

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি ও বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে আইয়ুব হিলটপ সুপার মার্কেট নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানের ম্যানেজার ওলিউর রহমানকে (৫৮) চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ মালামাল জব্দ করা হয়।

রোববার (১৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরীর নেতৃত্বে আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিকসহ সদর থানা পুলিশের একটি টিম।

দণ্ডপ্রাপ্ত ওলিউর রহমান সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের আব্দুর রহমান খানের ছেলে।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগের ভিত্তিতে শহরের আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ও ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং প্রতিষ্ঠানের ম্যানেজার ওলিউর রহমানকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

২ লাখ টাকা জরিমানা,শিশু পণ্য বিক্রি,মেয়াদোত্তীর্ণ,রাজবাড়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত