বৃষ্টিতে হেঁটে অসহায় সকিনার বাড়িতে ইউএনও, দিলেন সহায়তা

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৬:৩৫ | অনলাইন সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে পরিত্যক্ত ভাঙা ঘরে থাকা তিন সন্তানের জননী সকিনার পাশে দাঁড়িয়েছে প্রশাসন। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও দেখে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপরই দ্রুত সকিনার খোঁজ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

গতকাল সাংবাদিক দেওয়ান আবুল বাশারের ফেসবুক থেকে ‘পরিত্যক্ত ঘরে তিন সন্তানের জননী’ শিরোনামে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে সকিনার জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপনের চিত্র উঠে আসে।

সোমবার দুপুরে রাস্তা সংকীর্ণ হওয়ায় গাড়ি কিছুটা দূরে রেখে বৃষ্টির মধ্যেই হেঁটে সকিনার বাড়িতে পৌঁছান মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি নাসরিন। এ সময় তিনি সকিনাকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেন।

সকিনা মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের উকিয়ারা গ্রামের মৃত মাখন মিয়ার স্ত্রী।

সকিনার জরাজীর্ণ ঘরটি পরিদর্শন করে পুরোনো টিন পরিবর্তন করে নতুন টিন দিয়ে ঘরটি মেরামত ও ফ্যানের ব্যবস্থা করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী নূরকে নির্দেশ দেন ইউএনও।

মৌসুমি নাসরিন বলেন, “জেলা প্রশাসক ও মন্ত্রী মহোদয়ের নির্দেশে এখানে এসেছি। আমরা এখন খাদ্য সহায়তা দিয়ে গেলাম। তার সন্তানদের মায়ের প্রতি যত্ন নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে তার ঘর মেরামত করে দেওয়া হবে। পাশাপাশি তার জন্য সরকারি ভাতার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।”

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী নূর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।