রাঙ্গামাটিতে কোতয়ালী থানার অভিযানে গ্রেফতার ১৬

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৮:২৮ | অনলাইন সংস্করণ

  রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন রিজার্ভ বাজার, শহিদ মিনার, মাঝের বস্তি ও তবলছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. মোর্শেদ আলম (২৮), মো. নুর হোসেন (২১), মো. এনামুল কবির (২৮), জয় চন্দ্র (২৯), মো. নাহিদ হাসান সজিব প্রধান (২৯), মো. সোহেল ওরফে কালা (৪৩), মোমিন উদ্দিন ওরফে মুন্না (৩২), মো. ওমর ফারুক (৪৩), মো. সাইদুল ইসলাম (৪০), মো. মেহেদী (৩০), মো. সাগর (২৮), মো. সালাম (২৫), অর্নব ত্রিপুরা (২৯), অজয় ত্রিপুরা (২৪), মো. আমজাদ হোসেন (২৭) ও শ্যামলা দাশ (১৯)।

পুলিশ জানায়, প্রথম ১১ জনকে মাদক সেবনের অপরাধে গ্রেফতার করা হয়। মো. সালাম, অর্নব ত্রিপুরা ও অজয় ত্রিপুরাকে মাদক সেবন এবং মাদকসহ গ্রেফতার করা হয়।

এছাড়া মো. আমজাদ হোসেন ও শ্যামলা দাশকে সিআর ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।