এমপির গাড়িতে হামলার ঘটনায় সাংবাদিক নেতাসহ গ্রেপ্তার ২
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৯:১২ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি ভিপি আইনুল হকের গাড়িতে হামলার ঘটনায় আরও একজন সাংবাদিক নেতা গোলাম মুক্তাদীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ২ জনে।
রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে চান্দাইকোনা ফেরার পথে পূর্বশত্রুতার জের ধরে ওই বাজার এলাকায় সন্ত্রাসীরা এমপির গাড়িবহরে হামলা চালায়। এ সময় এমপির গাড়িতে আঘাত ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে এমপির গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় গাড়িতে থাকা এমপিসহ একাধিক নেতৃবৃন্দ আহত হন।
এ সময় এমপির গাড়িতে থাকা ফয়সাল বিশ্বাস নামে এক যুবক ফেসবুক লাইভে এ হামলার ঘটনা সরাসরি প্রচার করেন। এ ঘটনার প্রতিবাদে চান্দাইকোনা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
ওইদিন রাতেই পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে শনিবার গভীর রাতে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামিমুল হাসান খন্দকার বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
রোববার রাতে এলাকায় অভিযান চালিয়ে এ মামলার ৮ নম্বর আসামি ওই সাংবাদিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে যুবক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ মামলার অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
