রংপুর মেডিকেলে ১৪ কোটি টাকার আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ২০:০৮ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, উত্তর অঞ্চলের প্রায় চার কোটি মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালটিকে আগামী ৩০ দিনের মধ্যে নতুন করে ঢেলে সাজানো হবে।
রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন শেষে তিনি এ ঘোষণা দেন।
এ সময় মন্ত্রী বলেন, হাসপাতালের বিদ্যমান সব ধরনের অসঙ্গতি দূর করে নবউদ্যমে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হবে। এ জন্য জনবলসংকট নিরসন, আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম সরবরাহ এবং হাসপাতালের অবকাঠামোগত ও সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে লোকবল নিয়োগ দিয়ে রোগীদের সেবার মান উন্নয়ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দালালমুক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
মন্ত্রী বলেন, আগামী ৩০ দিনের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে নতুন করে সাজানোর একটি সুস্পষ্ট রূপরেখা জনগণের সামনে তুলে ধরা হবে।
একপর্যায়ে তিনি বলেন, শুকনো মৌসুমে তিস্তায় পানির খুবই সংকট। আমরা যদি উজান থেকে পানি না পাই এবং পার্শ্ববর্তী দেশ যদি পানি না দেয়, তাহলে আমাদেরকে পানি ধরে রাখতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট রেবেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
