সিরাজগঞ্জে ৪টি চোরাই গরু উদ্ধার, পিকআপ ভ্যান জব্দ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ২০:১৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ৪টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এ সময় পিকআপ ভ্যান চালক ও চোরেরা পালিয়ে গেছে। তবে চুরির কাজে ব্যবহৃত ওই পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ।

সলঙ্গা থানার ওসি আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে পুলিশ মহাসড়কের দবিরগঞ্জ এলাকায় অবস্থান নেয়। এ সময় ঢাকাগামী গরু ভর্তি পিকআপ ভ্যানকে সিগন্যাল দেওয়া হয়।

চালক এ সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ পিছু ধাওয়া করলে রামারচর নামক স্থানে ৪টি চোরাই গরু ও পিকআপ ভ্যান ফেলে রেখে চালকসহ চোরেরা পালিয়ে যায়।

পুলিশ গরু ও পিকআপ ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই ৪টি গরু সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ গরুর খামার থেকে চুরি করে নিয়ে যাচ্ছিল তারা। ধারণা করা হচ্ছে, তারা আন্তঃজেলা সংঘবদ্ধ গরু চোরের সদস্য।

সোমবার দুপুরে আদালতের মাধ্যমে ৪টি গরু খামার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এদিকে, ৪টি চোরাই গরু উদ্ধারে এলাকায় প্রশংসিত হয়েছে পুলিশ।