
রাজবাড়ীর কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চাকা মেরামতের সময় পেছন থেকে অপর একটি ট্রাকের ধাক্কায় মো. নজরুল ইসলাম (২৮) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. নজরুল ইসলাম বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে।
নিহতের সহকারী (হেলপার) মো. জোবায়ের বলেন, খুলনা মেট্রো-ট-১১-২২১৬ নম্বরের ট্রাকটি বরিশালের গৌরনদী এলাকা থেকে তুলার গাছ বোঝাই করে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে কালুখালীর পাইকারামোড় এলাকায় পৌঁছালে ট্রাকটির একটি চাকা বাস্ট হয়ে যায়।
পরে তারা সড়কের পাশে ট্রাকটি দাঁড় করিয়ে চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে সজোরে ধাক্কা দেয়। এতে নজরুল ইসলাম ট্রাকের সামনের চাকার এক্সেলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা স্থানীয়দের সহযোগিতায় রেকার ব্যবহার করে ট্রাকের নিচ থেকে নজরুল ইসলামকে উদ্ধার করেন। পরে তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় রেকারের মাধ্যমে ওই চালককে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।