পূর্বঘোষণা ছাড়াই টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুস সালাম

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১৯:৫২ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি কোনো পূর্বঘোষণা ছাড়াই টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা, ওষুধ প্রাপ্তি ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীদের সেবার মান এবং চিকিৎসকদের দায়িত্ব পালনের বিষয়েও খোঁজ নেন।

এ সময় তিনি রোগীদের যথাযথ ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও হাসপাতাল সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি হাসপাতালে কী কী চাহিদা আছে, তা জানতে চান এবং সরকারের মাধ্যমে সকল চাহিদা পূরণের চেষ্টা করবেন বলে জানান।

সাধারণ মানুষ যাতে সরকারি স্বাস্থ্যসেবা থেকে কোনোভাবেই বঞ্চিত না হন, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি।

সংসদ সদস্যের আকস্মিক এ পরিদর্শনে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৎপরতা দেখা যায়। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের নিয়মিত পরিদর্শনের মাধ্যমে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে।