সিরাজগঞ্জে হত্যা মামলায় স্ত্রীসহ ২ জনের যাবজ্জীবন

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ২১:২৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর যুবদল নেতা সেলিম রেজা সুজন হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্ত্রীসহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তারা হলেন, পাবনার আটুয়া হাউজপাড়া গ্রামের গোলাম রহমানের মেয়ে নিহত সুজনের স্ত্রী উম্মে জামিলা তিথি ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাঘলা গ্রামের বিল্লাল ফকিরের ছেলে মনিরুল ফকির।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন। ওই আদালতের অতিরিক্ত পিপি শামসুজ্জোহা শাহেনশাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে পরকীয়ার জের ধরে ২০১৫ সালের ২ জুন নিজ ঘরে ঘুমের ওষুধ খাইয়ে জবাই করে হত্যার পর তার স্ত্রী পালিয়ে যায়।

এ ব্যাপারে নিহতের মা মাজেদা খাতুন বাদী হয়ে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ ওই ২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে চার্জশিট দাখিল করে।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

এদিকে, রায়ে অসন্তোষ প্রকাশ করে আদালত চত্বরে বিক্ষোভ করেছে সাজাপ্রাপ্ত আসামিদের স্বজনেরা।