পীরগাছায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১০ ভরি স্বর্ণসহ মালামাল লুট
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ২১:৩৭ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরের পীরগাছায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালংকারসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে।
সোমবার (১৭ আগস্ট) রাত আটটা থেকে নয়টার মধ্যে পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে আমেরিকা প্রবাসী ফজলে এলাহী রিপন ও ফজলে রাব্বী রাসেলের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশের পকেট গেটের ওপরের দেয়াল টপকিয়ে দুর্বৃত্তরা প্রবাসী রাসেল ও রিপনের ঘরে প্রবেশ করে। পরে আলমিরা শাবল দিয়ে ভেঙে আলমিরায় থাকা প্রায় ১০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় আসবাবপত্র, পোশাক-আশাকসহ সবকিছু তছনছ করে ফেলে।
রিপন-রাসেলের স্ত্রী ও সন্তানরা রংপুর মহানগরীতে বসবাস করেন। ঘটনার সময় কাজের মহিলাও বাড়ির প্রধান ফটকে তালা মেরে বাইরে গিয়েছিলেন। রিপন ও রাসেল সম্প্রতি আমেরিকা থেকে রংপুরে এসেছেন। আগামী শুক্রবার তাদের আমেরিকায় যাওয়ার কথা। খবর শুনে তারা রাতেই গ্রামের বাড়িতে যান।
খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন পীরগাছা থানার ওসি সেলিম মালিক, ওসি (তদন্ত) আমিরুল ইসলামসহ পুলিশের সদস্যরা। এ সময় তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন এবং কাজের মহিলাসহ আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন। রাতেই এ ঘটনায় থানায় মামলা করেন প্রবাসীদ্বয়ের চাচা আব্দুল খালেক সুলতান। একই রাতে স্থানীয় মনু মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ।
প্রবাসী ফজলে রাব্বী রাসেল জানান, ‘আমরা দুই ভাই আমেরিকা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা। পড়াশোনার কারণে স্ত্রী ও সন্তানরা রংপুর শহরে থাকে। সম্প্রতি আমরা রংপুরে এসেছি। আমাদের আগামী শুক্রবার (২১ আগস্ট) দুই ভাইয়ের আমেরিকায় ফিরতি ফ্লাইট। সোমবার (১৭ আগস্ট) রাত ১০টায় এলাকা থেকে ফোন আসে, বাসায় ডাকাতি হয়েছে। সঙ্গে সঙ্গেই আমরা রংপুর থেকে এসে দেখি ঘরের আলমিরা শাবল দিয়ে ভেঙে প্রায় ২৫-৩০ লাখ টাকার গহনা ছিল, সেটা লুট করে নিয়ে গেছে। কিছু চেকের পাতা ছিল, সেগুলো ছিঁড়ে ফেলেছে। আসবাবপত্র তছনছ করে গেছে। আমরা এর দ্রুত পদক্ষেপ চাই। বিদেশ থেকে আমরা কষ্টার্জিত অর্থ পাঠাই দেশে।’
প্রবাসী রাসেলের স্ত্রী নিলুফা ইয়াসমিন নিলা জানান, ‘গত ১৫ আগস্ট আমার চাচাতো দেবরের বিয়ের বৌভাত ছিল। বিয়ে উপলক্ষে আমরা তিনদিন রংপুর থেকে বাড়িতে এসেছিলাম। বিয়েতে গয়নাগাটি পরেছিলাম। ১৬ আগস্ট বিকেলে আমরা কাজের মেয়েকে রেখে রংপুরে আসি। স্বাভাবিকভাবে গয়নাগাটি আমরা গ্রামের বাড়িতেই রাখি। সেভাবেই রেখে আসি। কিন্তু সেগুলো এভাবে ডাকাতি করে নিয়ে যাবে, ভাবতেই পারছি না। আমার স্বামী আমেরিকায় কষ্ট করে টাকা উপার্জন করে আমাকে বিভিন্ন সময়ে প্রায় ১০ ভরি স্বর্ণ উপহার দিয়েছিল। পুরোটাই ডাকাতরা নিয়ে গেছে। আমার স্বামী রেমিট্যান্স যোদ্ধা। আমাদের ঘর যদি নিরাপদ না থাকে, তাহলে কোথায় যাব আমরা। আশা করি প্রশাসন ও সরকার দ্রুত স্বর্ণগুলো উদ্ধারের চেষ্টা করবেন।’
পরিদর্শন শেষে পীরগাছা থানার ওসি সেলিম মালিক জানান, ‘সোমবার সাড়ে ১১টার দিকে একটা সংবাদ পেলাম যে, এই ইটাকুমারী ইউনিয়নের জনৈক প্রবাসী রিপন-রাসেল, তারা আমেরিকা প্রবাসী। বাড়ির ঘরের ভেতরে ঢুকে আলমিরা ভেঙে কিছু স্বর্ণালংকার ও টাকা নিয়েছে। এই সংবাদ পেয়েই আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করেছি। কিছু আলামত পরিলক্ষিত হলো। আমরা দেখতে পাই, দুর্বৃত্তরা তাঁদের বাড়ির দক্ষিণ-পশ্চিমে ওপাশের বাড়িতে যাওয়ার পকেট গেটের ওপরের দেয়াল টপকিয়ে বাড়িতে প্রবেশ করেছে। তাদের পায়ের চিহ্নও আমরা পেয়েছি। এ বিষয়ে একটি মামলা হয়েছে। একজনকে আমরা আটকও করেছি। প্রবাসীরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা। তাদের পরিবার এবং মালামালের নিরাপত্তা দেওয়া আমাদের কর্তব্য। মালামালগুলো উদ্ধারের অভিযান পরিচালিত হচ্ছে।’
রংপুর পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, ‘ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। প্রবাসীদের বিষয়ে আমরা খুবই সিরিয়াস। এ বিষয়ে যত দ্রুত সম্ভব আমরা মালামাল উদ্ধারের চেষ্টা করব।’
রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, ‘প্রবাসীরা আমাদের অর্থনীতির চাকা সচল রাখে। তাদের বাড়িতে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। সে হিসেবে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
