চুয়াডাঙ্গায় ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৪

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ২২:২৩ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সবাইকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা কার্যালয়ের একটি টিম চুয়াডাঙ্গা সদর ও দর্শনা থানার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—দর্শনা থানার পার কৃষ্ণপুর এলাকার মো. মিনারুর ইসলাম (৪০), ঝাঝাডাঙ্গা এলাকার মো. কাতোর আলী, কুড়ুলগাছি মিস্ত্রিপাড়ার মো. আবুল কাশেম (৬০) এবং ধান্যঘরা মাঝপাড়ার জাকির মোল্লা (৫২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা ও দর্শনা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চার আসামির কাছ থেকে ১০ গ্রাম করে মোট ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের অপরাধ প্রমাণিত হওয়ায় পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

ডিএনসি চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মো. রফিকুল ইসলাম জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে