দুর্গাপুরের গাঁওকান্দিয়া ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত যুবদল নেতা শাহজাহান

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১৪:৫৬ | অনলাইন সংস্করণ

  দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

স্থানীয় সরকার নির্বাচনের আভাস মেলতেই নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৭নং গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন জয় করতে দিনরাত গণসংযোগ ও সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান মিয়া। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় শাহজাহান মিয়া বিএনপির কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে পরিচিত।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে ব্যারিস্টার কায়সার কামালের পাশে থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

সম্প্রতি গাঁওকান্দিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন শাহজাহান মিয়া।

এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন সমস্যা, মানুষের প্রত্যাশা ও স্থানীয় উন্নয়ন নিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সাংগঠনিক যোগাযোগও জোরদার করছেন।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূল পরিস্থিতিতে শাহজাহান মিয়া দলীয় কর্মীদের পাশে থেকেছেন। ফলে তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশের মধ্যে তাঁর প্রতি আস্থা তৈরি হয়েছে।

এর আগে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে শাহজাহান মিয়া উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন। ওই নির্বাচনের ফলাফলকে তাঁর রাজনৈতিক অবস্থান ও জনসম্পৃক্ততার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখছেন তাঁর সমর্থকেরা। এবারও তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন।

শাহজাহান মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে গাঁওকান্দিয়ার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। রাজনীতির পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করার সুযোগ দেন, তাহলে ইউনিয়নের উন্নয়ন, মানুষের অধিকার ও নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করতে চাই।”

তবে শেষ পর্যন্ত নির্বাচনে প্রার্থিতা ও রাজনৈতিক সমীকরণ কী দাঁড়ায়, তা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। এর মধ্যেই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে শাহজাহান মিয়ার গণসংযোগ ও জনসম্পৃক্ততা গাঁওকান্দিয়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।