লাল কার্ড তুলে মাদক-অপরাধকে ‘না’ বলল স্কুল শিক্ষার্থীরা
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১৯:৩১ | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি

মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহকে ‘না’ বলে লাল কার্ড তুলে শপথ নিয়েছে ঠাকুরগাঁও পৌরশহরের আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে মোবাইল আসক্তি থেকে দূরে থাকতে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার অঙ্গীকার করেছে তারা।
বুধবার (১৯ আগস্ট) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং নৈতিক-মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এ মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে লাল সবুজ উন্নয়ন সংঘ।
সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং এসব সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
পরে শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে একটি করে লাল কার্ড তুলে দেওয়া হয়। কিশোর অপরাধ, বাল্যবিবাহ, মাদক ও মোবাইল আসক্তিতে না জড়ানোর অঙ্গীকার করে শিক্ষার্থীরা লাল কার্ড উঁচিয়ে শপথ গ্রহণ করে।
অনুষ্ঠানে আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন। তিনি বলেন, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়াও বক্তব্য রাখেন এটিএন নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি এম এ সামাদ, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জহরুল হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় মাদকবিরোধী সচেতনতা, কিশোর অপরাধ প্রতিরোধ, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধ এবং মোবাইল আসক্তি নিয়ন্ত্রণে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিনিধিসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
